৩ উপদেষ্টার মির্জাপুরে দূর্গামন্দির পরিদর্শন

টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার দূর্গামন্দির পরিদর্শনকালে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, ‘আমরা সকল সম্প্রদায়ের নাগরিক, তাই এই সংস্কৃতি—আমার, আমাদের এবং দেশের সংস্কৃতি—রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।” তিনি প্রয়াত দানবীর রণদা প্রসাদ সাহার ভূয়সী প্রশংসা করেন।
বিজ্ঞাপন
বুধবার (১ অক্টোবর) বিকেলে মন্দির পরিদর্শনে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বৃটিশ হাই কমিশনার সারাহ কুক এবং সুইজারল্যান্ড এম্বাসীর ডেপুটি হেড অব মিশন দিপক ইলমার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, প্রতি বছরের মতো এ বছরও মা ইলিশ সংরক্ষণের জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে অক্টোবরের ৪ তারিখ থেকে। তিনি বলেন, ‘গত বছর নেওয়া উদ্যোগের ফলে ৫২.৫ শতাংশ মা ইলিশ রক্ষা করা সম্ভব হয়েছিল। এ বছর পুলিশ, নৌবাহিনী ছাড়াও বিমান বাহিনী ড্রোন ব্যবহার করে নজরদারি করবে।’
উপদেষ্টা আরও উল্লেখ করেন, মা ইলিশের কম আহরণের মূল কারণ হলো কারেন্ট জাল ও চায়না জাল। তাই এ বছর আরও সতর্কতার সঙ্গে সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। আশা করা যাচ্ছে, এ বছর মা ইলিশ সংরক্ষণে আরও ভালো ফলাফল পাওয়া যাবে।
বিজ্ঞাপন
এসময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলামও উপস্থিত ছিলেন।








