সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসায় কবিতা আবৃত্তি করলেন চিফ হুইপ

জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে লেখা একটি কবিতা আবৃত্তি করে আলোচনার কেন্দ্রে আসেন চিফ হুইপ নূরুল ইসলাম (মনি)। একইসঙ্গে আন্তর্জাতিক স্বীকৃতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর প্রশংসা করে সংসদের পক্ষ থেকে অভিনন্দনও জানান তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশনের এক পর্যায়ে চিফ হুইপ বক্তব্য দিতে উঠে জানান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রীর নাম অন্তর্ভুক্ত হওয়ায় এটি দেশের জন্য গৌরবের বিষয়। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই স্বীকৃতি দেশের মর্যাদাকেই উঁচুতে নিয়ে গেছে।
তার বক্তব্য চলাকালে সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় চিফ হুইপ সংসদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের সেরা ১০০ ব্যক্তিত্বের মধ্যে আমাদের নেতা, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আছে এবং তিনি সম্মানিত হয়েছেন। তিনি সম্মানিত মানে দেশকে সম্মানিত করা, প্রধানমন্ত্রী এই জাতিকে সম্মানিত করেছেন। তার জন্য আমি আমার তরফ থেকে, সংসদের তরফ থেকে তাঁকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি।
বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রীকে নিয়ে রচিত একটি কবিতা আবৃত্তি করেন নূরুল ইসলাম (মনি)। কবিতাটির রচয়িতার নাম উল্লেখ না করলেও এতে প্রধানমন্ত্রীর নেতৃত্ব, দৃঢ়তা ও দূরদর্শিতার প্রশংসা উঠে আসে। কবিতার ভাষায় দেশের পরিবর্তন, নতুন আশা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়।
কবিতাটি হলো—
বিজ্ঞাপন
‘তিনি আসার আগে দেশটা যেন ভাঁজ করা মানচিত্র ছিল,
নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল
কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না।
বিজ্ঞাপন
তিনি এলেন, বললেন, খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ
বললেন, উই হ্যাভ অ্যা প্ল্যান
তাঁর দৃঢ়তা ছিল পাহাড়ের মতো
বিজ্ঞাপন
কিন্তু হৃদয় শিশিরভেজা ঘাসের মতো
বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি, নিজের আলোয় দাঁড়িয়েছিলেন, দরজাগুলো নিজেই খুলে গেছে
এখন দূরদেশের আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়, বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম
বিজ্ঞাপন
এই দেশের নাম, বাংলাদেশের নাম
নেতৃত্ব মানে শুধু সামনে হাঁটা নয়, নেতৃত্ব মানে অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা
আশা জাগিয়ে তোলা।’
বিজ্ঞাপন
কবিতা আবৃত্তির আগে ও পরে চিফ হুইপ সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় পর দেশে ফিরে প্রধানমন্ত্রী জনগণের মধ্যে নতুন প্রত্যাশা সৃষ্টি করেছেন এবং দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছেন।
চিফ হুইপের এই আবৃত্তির পর ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্তব্য করেন, প্রধানমন্ত্রীর এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো জাতির জন্য সম্মানের।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও কবিতা আবৃত্তির একটি নজির দেখা যায়। গত ১২ মার্চ সংসদের প্রথম দিনের বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে কবিতা আবৃত্তি করেছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।








