Logo

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে উন্মুক্ত প্রস্তাব চাইল বিশেষ কমিটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৩০
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে উন্মুক্ত প্রস্তাব চাইল বিশেষ কমিটি
ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার কীভাবে এবং কারা মিলে গঠন করবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে রাজনৈতিক দল, সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সবার কাছ থেকে লিখিত প্রস্তাব ও গঠনমূলক মতামত চেয়েছে কমিটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবিধান সংশোধন নিয়ে কমিটির পরবর্তী কার্যক্রমে বিভিন্ন পক্ষের মতামত বিবেচনার কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, এর গঠনপ্রক্রিয়া ও কাঠামো নিয়ে উন্মুক্ত আলোচনা প্রয়োজন। বিভিন্ন পক্ষের কাছ থেকে পাওয়া প্রস্তাব পর্যালোচনার পর সংসদে আলোচনা করে গ্রহণযোগ্য কাঠামো নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া ও ধাপ নিয়ে এখনো নির্দিষ্ট কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। জুলাই জাতীয় সনদে এ বিষয়ে কিছু প্রস্তাব থাকলেও কয়েকটি ক্ষেত্রে ভিন্নমতও রয়েছে। ফলে সরকার কাঠামোর বিভিন্ন ধাপ ও প্রক্রিয়া নিয়ে একাধিক বিকল্প আলোচনায় রয়েছে।

বিশেষ কমিটির চতুর্থ বৈঠকে গণমাধ্যমের বিস্তৃত একটি প্রতিনিধি দলের মতামত নেওয়া হয়েছে। এতে ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম, সংবাদ সংস্থা ও বার্তা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত প্রতিনিধিরা অংশ নেন। এর আগে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছ থেকেও মতামত নেওয়া হয়েছিল। কমিটির পক্ষ থেকে অংশগ্রহণকারীদের লিখিত প্রস্তাব দ্রুত জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

কমিটির সভাপতি বলেন, সংবিধান সংশোধন নিয়ে আলোচনা শুধু গণমাধ্যমে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, শিক্ষাবিদ, সাবেক ও বর্তমান বিচারকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে রাজনৈতিক ও সামাজিকভাবে বঞ্চনা বা নিপীড়নের শিকার পরিবার এবং জুলাই গণঅভ্যুত্থানের তরুণ অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের প্রতিনিধিদের কাছ থেকেও পরামর্শ নেওয়ার কথা জানান তিনি।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে এ বিষয়ে যে ঐকমত্য রয়েছে, সেটিকে বিবেচনায় রেখে তারা দ্বিকক্ষবিশিষ্ট সংসদের দিকে এগোতে চান। তবে সংসদে এ বিষয়ে বিকল্প কোনো প্রস্তাব এলে তা যথাযথ প্রক্রিয়ায় বিবেচনা করার সুযোগ থাকবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং বিচারব্যবস্থাকে প্রভাবমুক্ত রাখার বিষয়গুলোও আলোচনায় আসে।

সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক পক্ষকে বাদ না দেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলগুলোকেও আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সংশোধনী প্রক্রিয়ার লক্ষ্যেই বিভিন্ন পক্ষের মতামত নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বিশেষ কমিটি আগামী ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধনসংক্রান্ত প্রতিবেদন প্রস্তুতের লক্ষ্য নিয়ে কাজ করছে। পরবর্তী সময়ে সেই প্রতিবেদনের ভিত্তিতে সংশোধনী বিল সংসদে উত্থাপনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD