১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুযায়ী আগামী ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট শুরু হচ্ছে। এ উপলক্ষে ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন হজ কার্যক্রমের এ গুরুত্বপূর্ণ অধ্যায়। উদ্বোধনী ফ্লাইটে থাকবেন ৪১৯ জন হজযাত্রী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ হয়, এ বছর বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইটটি ১৮ এপ্রিল প্রথম প্রহরে রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। এ দিন মোট ১৪টি ফ্লাইট রয়েছে; যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, পাঁচটি সৌদি আরবের সাউদিয়া ও তিনটি ফ্লাইনাস পরিচালনা করবে।
বিজ্ঞাপন
এতে জানানো হয়, ২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকবেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।
সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজচুক্তি অনুসারে মোট হজযাত্রীর শতকরা ৫০ ভাগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে। বাকি ৫০ ভাগের মধ্যে সৌদি আরবের সাউদিয়া শতকরা ৩৫ ভাগ ও ফ্লাইনাস ১৫ ভাগ হজযাত্রী পরিবহন করবে।
বিজ্ঞাপন
২১ মে প্রি-হজ ফ্লাইট শেষ হবে। প্রি-হজ ফ্লাইট সংখ্যা মোট ২০৭টি; যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সাউদিয়া ৭৫টি ও ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।








