ওসমান হাদি হত্যার বিচারে ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠনের দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার কথাও বলা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাব এসব দাবি জানান।
জাবের বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশের জন্য এই হত্যাকাণ্ড একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নিলে রাষ্ট্রের ওপর জনগণের আস্থা আরও ক্ষুণ্ণ হবে। সেজন্য ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নিতে হবে রাষ্ট্রকে।
বিজ্ঞাপন
তি আরও বলেন, বাংলাদেশের অতীতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় আন্তর্জাতিক সহায়তা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ওসমান হাদির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হত্যাকাণ্ডে সেই পথেই হাঁটতে হবে। কারণ, ওসমান হাদি ঢাকা-৮ আসনের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী ছিলেন। জুলাই-পরবর্তী সময়ে তিনিই বাংলাদেশের সবচেয়ে সাহসী একজন কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। কোনো ভয়ভীতি না করেই সব সময় সত্য কথা বলেছেন।
বর্তমান সরকারব্যবস্থার যে আপাত স্থিতিশীলতা দেখা যাচ্ছে, এর পেছনেও ওসমান হাদির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হলে এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে উল্লেখ করে তিনি বলেন, ওসমান হাদির রক্ত ঝরেছে আর আমরা যদি খুনিদের বিচার দেখতে না পাই—তা হতে পারে না। জুলাই-পরবর্তী বাংলাদেশের জন্য এ প্রশ্ন কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিচার নিশ্চিত না হলে দেশে এমন ঘটনা আরও বাড়বে।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ওসমান হাদির হত্যাকাণ্ডকে মূল আলোচনার বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু হাদিকে ‘মেইন সাবজেক্ট’ থেকে বাদ দিলে আসলে আর কোনো বিষয়ই মূল সাবজেক্ট থাকবে না। হাদিকে কেন্দ্র করেই রাষ্ট্রের সব সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলে জোর দেন তিনি।
টাইম ফ্রেম প্রসঙ্গে আবদুল্লাহ আল জাবের বলেন, প্রধান উপদেষ্টা সম্প্রতি নিরাপত্তা বিশ্লেষকদের নিয়ে একটি বৈঠক করেছেন। সেই প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চ আশা করছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দ্রুত বিচারিক ট্রাইবুনাল গঠন এবং আন্তর্জাতিক গোয়েন্দা সহায়তা নেওয়ার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানাবে রাষ্ট্র।
বিজ্ঞাপন
তিনি বলেন, রাষ্ট্রকে জনগণের সামনে এসে জানাতে হবে— ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। হাদির রক্তের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সময় গত ১২ ডিসেম্বর দুপুরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলি লেগে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালের আইসিউতে নেওয়া হয়। তিনদিন পর সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: বাংলাদেশ বীরদের দেশ: প্রেস সচিব
বিজ্ঞাপন
ইনকিলাব মঞ্চ অভিযোগ করেছেন, অতিরিক্ত আইজিপি দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে ওসমান হাদির হত্যাকাণ্ডকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানোর চেষ্টা করা হয়েছে। এই প্রেক্ষাপটে সংগঠনটি আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে সংবাদ সম্মেলন আহ্বান করেছে।
জাবের দাবি করেন যে খুনি, খুনের পরিকল্পনাকারী, সহায়তাকারী এবং পুরো চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে জনতার সম্মুখে এসে এ খুনের ব্যাপারে গত এক সপ্তাহে তারা কী পদক্ষেপ নিয়েছেন তা জানাতে হবে।







