ভোটের লড়াই করতে চান তাসনিম জারা, মনোনয়নপত্র নিয়ে ইসিতে আপিল

ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে মনোনয়নপত্র বাতিল হওয়ায় নির্বাচন কমিশনে আপিল করেছেন চিকিৎসক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।
বিজ্ঞাপন
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে আপিল আবেদন জমা দেন। এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
আপিল জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। তিনি জানান, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে তা বাতিল করা হয়, যার বিরুদ্ধে তিনি আইনগত প্রক্রিয়ায় লড়াই চালিয়ে যাবেন।
বিজ্ঞাপন
তাসনিম জারা বলেন, নির্বাচন পরিচালনা বিধিমালা ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষরসংবলিত তালিকা জমা দেওয়া হয়েছে এবং সেটি সম্পূর্ণ সঠিক। তবে ভোটার তালিকা সংগ্রহের সময় নির্বাচন কমিশনের ওয়েবসাইট কার্যকর না থাকায় তাৎক্ষণিকভাবে কিছু তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, যেসব ভোটারের স্বাক্ষর নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তাদের জাতীয় পরিচয়পত্রে ভোটার এলাকা হিসেবে ঢাকা-৯ আসনের তথ্য উল্লেখ ছিল। যাচাইয়ের সুযোগ সীমিত থাকায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটির আইনগত সমাধান প্রত্যাশা করছেন তিনি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল কার্যক্রম শুরু হয়েছে সোমবার থেকে। এই আপিল কার্যক্রম চলবে আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।
আপিল গ্রহণের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। প্রার্থী ছাড়াও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী সংস্থা কিংবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিরাও আপিল আবেদন করতে পারবেন।








