Logo

অন্তর্বর্তী সরকারের সময়ে চালু হচ্ছে না শাহজালালের ৩য় টার্মিনাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৬, ১৮:১৭
অন্তর্বর্তী সরকারের সময়ে চালু হচ্ছে না শাহজালালের ৩য় টার্মিনাল
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের মেয়াদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহমেদ।

বিজ্ঞাপন

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ–২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ–২০২৬ জারি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, নতুন দুটি অধ্যাদেশ কার্যকর হলে বিমান টিকিট ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে দীর্ঘদিনের প্রতারণা ও যাত্রী হয়রানির অবসান ঘটবে। বিশেষ করে টিকিট নিয়ে যে অনিয়ম ও ভোগান্তি তৈরি হয়েছে, তা বন্ধে অধ্যাদেশে কঠোর বিধান রাখা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বিমান টিকিট বাজারে অসাধু ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যমে যে সিন্ডিকেট গড়ে উঠেছিল, নতুন আইন কার্যকর হলে তা ভেঙে দেওয়া সম্ভব হবে। এর ফলে যাত্রীদের ন্যায্যমূল্যে টিকিট পাওয়ার পথ সুগম হবে এবং ভোগান্তি কমবে।

বিমানের ফ্লাইট ডাইভারশন প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন আহমেদ বলেন, শীতকালে ঘন কুয়াশার কারণে ফ্লাইট অন্য দেশে সরিয়ে নেওয়ার পরিস্থিতি এড়াতে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। এতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিকল্প ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ–২০২৬ এবং ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ–২০২৬ বাস্তবায়িত হলে বিমান পরিবহন ও ভ্রমণ খাতে শৃঙ্খলা ফিরবে। একই সঙ্গে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

তিনি বলেন, এসব অধ্যাদেশের মাধ্যমে বিমানের টিকিটের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি অভিবাসী কর্মী ও সাধারণ যাত্রীদের অধিকার সুরক্ষিত হবে। একই সঙ্গে পর্যটন খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে মন্ত্রণালয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD