জাতীয় নির্বাচনে ২৯৯ আসনে ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১,৯৪৬ জন: প্রেস সচিব

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনে ভোটগ্রহণ হবে। একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের ভোট স্থগিত রাখা হয়েছে। এবারের নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৪৬ জন। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে দলীয় প্রার্থী রয়েছেন ১ হাজার ৬৯২ জন। স্বতন্ত্র প্রার্থী ২৫৪ জন এবং নারী প্রার্থীর সংখ্যা ৮২ জন বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। সারাদেশে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৯টি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চপর্যায়ের এক বৈঠকে নির্বাচন কমিশনের সচিব আখতার হোসেন এসব তথ্য উপস্থাপন করেন। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বিজ্ঞাপন
বৈঠক শেষে একই রাতে রাষ্ট্রীয় অতিথি ভবনের বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নির্বাচনসংক্রান্ত এসব তথ্য সাংবাদিকদের জানান।








