Logo

চলমান পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ওপর চাপ নেই: ইসি মাছউদ

profile picture
জেলা প্রতিনিধি
রংপুর
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৩৪
চলমান পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ওপর চাপ নেই: ইসি মাছউদ
ছবি: সংগৃহীত

দেশের বিদ্যমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার মাছউদ জানান, নির্বাচনকে সঠিকভাবে সম্পন্ন করতে কমিশনের পক্ষ থেকে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রায় ১৮ লাখ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা সবাই সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। তাদের মধ্যে সেই মানসিক প্রস্তুতি ও অঙ্গীকার স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এবারের আইনশৃঙ্খলা পরিস্থিতিও আগের তুলনায় ভালো রয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, দেশের চলমান পরিস্থিতি নির্বাচন কমিশনের ওপর কোনো প্রভাব ফেলছে না। তবে নির্বাচনকে আরও সহজ ও গ্রহণযোগ্য করতে সকলের সহযোগিতা প্রয়োজন। কমিশনের অবস্থান পরিষ্কার—যে কোনো কার্যক্রম যদি নির্বাচনের বিপক্ষে যায়, কমিশন সে ধরনের উদ্যোগের বিরোধিতা করে। জনগণকেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচনি প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। বড় দুই রাজনৈতিক দলের নেতারা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলছেন। কমিশনের আহ্বানে পোস্টার অপসারণ ও নির্ধারিত সফর বাতিলের মতো সিদ্ধান্তও দলগুলোর পক্ষ থেকে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রাজনৈতিক বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগ প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, একে অপরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া নির্বাচনি প্রতিযোগিতার অংশ এবং এটি রাজনৈতিক কৌশল হিসেবেই দেখা হয়।

তবে তিনি সব ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ডের নিন্দা জানান। শরীফ ওসমান হাদী হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD