কৃষক কার্ড বিতরণে অনিয়ম বা রাজনৈতিক প্রভাবের সুযোগ নেই : আইনমন্ত্রী

কৃষক কার্ড বিতরণ কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা অনিয়মের সুযোগ রাখা হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহর শৈলকুপা উপজেলার আবাইপুর এলাকায় কৃষক কার্ড বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, পর্যায়ক্রমে সারাদেশের মাঝারি ও ক্ষুদ্র কৃষকদের মাঝে এই কৃষক কার্ড বিতরণ করবে সরকার। এখানে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই, এমনকি কোনো প্রকার অনিয়মেরও সুযোগ নেই।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সরকার শপথ নেওয়ার পর থেকে নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি পালন করে যাচ্ছে। কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করেছে সরকার। আজ কৃষক কার্ড বিতরণ শুরু করা হলো। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকার একের পর এক কাজ করে চলেছে।
এর আগে দুপুর দেড়টার দিকে শৈলকুপার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃষক কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। পাশাপাশি ১ হাজার ৬৭৯ জন কৃষক-কৃষাণী এই কর্মসূচির আওতায় অংশ নেন।
উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর ব্লকের কৃষকরা পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে এ কৃষক কার্ড পাচ্ছেন।








