Logo

কৃষি ও কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল, ২০২৬, ১৭:৫৯
কৃষি ও কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃষি ও কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকার কৃষি খাতকে অর্থনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার নতুন উদ্দীপনায় দেশ গড়ার কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মোগল আমলে কৃষকদের ফসল উৎপাদন ও খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা সনের প্রচলন হয়েছিল। সেই ঐতিহ্যকে ধারণ করেই এবার পহেলা বৈশাখকে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধনের দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন। দেশের অর্থনীতি পুনর্গঠন করে স্বনির্ভর করে তোলাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। এ উদ্দেশ্যেই তাদের স্লোগান—‘সবার আগে বাংলাদেশ’।

তিনি বলেন, সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নববর্ষ উদযাপন প্রমাণ করছে দেশে একটি স্বাভাবিক ও গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। এই সংস্কৃতি ও উৎসবের ধারা অব্যাহত রাখতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে ডিআরইউ আয়োজিত ঐতিহ্যবাহী ‘পুতুল নাচ’ প্রদর্শনীর উদ্বোধন করেন মন্ত্রী। পরে র‌্যালি ও আলোচনা সভা শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এর আগে আনন্দ র‌্যালিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD