Logo

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
১৪ এপ্রিল, ২০২৬, ১৬:৪৬
টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

কক্সবাজারের গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তিনি সড়কপথে বন্দরে পৌঁছে সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

বন্দর সূত্র জানায়, মন্ত্রী পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর তিনি জেটি এলাকা পরিদর্শন করে পণ্য ওঠানামার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। একইসঙ্গে বন্দরের গুদাম, প্রশাসনিক ভবন ও অন্যান্য অবকাঠামো ঘুরে দেখে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনের একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী নাফ নদের জলসীমাও পরিদর্শন করেন। এই নদীপথ টেকনাফ স্থলবন্দরের কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এর নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

বিজ্ঞাপন

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের কর্মকর্তারা মন্ত্রীকে বন্দরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। বিশেষ করে প্রতিবেশী দেশ মিয়ানমারের চলমান অস্থিতিশীলতার কারণে দীর্ঘদিন ধরে বন্দরের কার্যক্রম আংশিকভাবে স্থবির রয়েছে—এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজলসহ জেলা প্রশাসন, বিজিবি ও অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরের ফলে টেকনাফ স্থলবন্দরের বিদ্যমান সমস্যা নিরসন এবং কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে একই দিনে টেকনাফে আয়োজিত কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথাও রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD