আগামী জুন মাসের মধ্যেই চালু হবে হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, আগামী জুন মাসের মধ্যেই দেশে হেলথ কার্ড কার্যক্রম চালু করা হবে। মঙ্গলবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
মন্ত্রী জানান, নতুন বছরে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে কৃষকদের জন্য ঋণ মওকুফ, দুস্থদের সহায়তা, টিআর-কাবিখা কর্মসূচি এবং খাল খনন প্রকল্প। কৃষক কার্ড বিতরণের পাশাপাশি স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হেলথ কার্ড চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে হাম প্রতিরোধে ইতোমধ্যে ৩০টি উপজেলা ও সিটি করপোরেশনে টিকাদান কার্যক্রম চালু রয়েছে। আগামী ২০ তারিখ থেকে সারাদেশে শিশুদের হামের টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে। ইতোমধ্যে সংক্রমণ ও মৃত্যুহার কমেছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
বিজ্ঞাপন
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। পরে দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।








