Logo

চলতি বছরেই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই, ২০২৬, ১৫:৫৩
চলতি বছরেই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ পর্যন্ত ভোটগ্রহণ শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান জানান, স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে জানিয়েছে, চলতি বছরের মধ্যেই নির্বাচন শুরু হবে। যদিও নির্বাচন কমিশন অক্টোবর মাসের কথা উল্লেখ করেছে, সরকার বছরের মধ্যেই ভোট আয়োজনের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। প্রয়োজন হলে আরও এক থেকে দুই মাস সময় লাগতে পারে, তবে নির্বাচন এ বছরই শুরু হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এ নির্বাচন প্রযুক্তিগতভাবে দলীয় নয়; প্রার্থীরা ব্যক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে অনিয়মের অভিযোগ উঠলে তা সহজেই যাচাই করা সম্ভব হবে।

নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনাররা সাংবিধানিক পদে দায়িত্ব পালন করেন। তবে কমিশনের সচিবসহ অনেক কর্মকর্তা জনপ্রশাসন থেকে প্রেষণে দায়িত্বে আসেন। তাই সচিবের বদলি বা অন্যত্র পদায়ন প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।

পুরোনো হত্যা মামলার তদন্তেও গুরুত্ব

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান বলেন, দীর্ঘদিন ধরে অগ্রগতি না হওয়া আলোচিত হত্যা মামলাগুলোর তদন্তেও সরকার গুরুত্ব দিচ্ছে। উদাহরণ হিসেবে তিনি তনু হত্যা মামলার কথা উল্লেখ করে বলেন, দীর্ঘদিন স্থবির থাকার পর মামলাটির তদন্ত নতুন করে শুরু হয়েছে। এতে অতীতের অপরাধগুলোর বিচার নিশ্চিত করার বিষয়ে সরকারের আন্তরিকতা প্রতিফলিত হয়।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার প্রসঙ্গে তিনি বলেন, কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের কারণে হত্যাকাণ্ডের শিকার হলে তা রাষ্ট্রের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। তাই এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, তদন্ত পরিচালনা সরকারের দায়িত্ব হলেও বিচার ও রায় দেওয়া আদালতের এখতিয়ার। অতীতে তদন্তে বারবার সময় নেওয়ার যে প্রবণতা ছিল, বর্তমান সরকার তা থেকে বেরিয়ে আসতে চায়। তদন্তে প্রয়োজনীয় সময় লাগতে পারে, তবে অযথা সময় বাড়ানোর সংস্কৃতি বন্ধে উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

শহীদ সাংবাদিকদের নিয়ে উদ্যোগ

জুলাই আন্দোলনে শহীদ ও আহত সাংবাদিকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, তালিকাভুক্ত শহীদরা সরকারের নির্ধারিত সব ধরনের সুবিধা পাওয়ার অধিকারী। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুযোগও রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, এ বিষয়ে সাংবাদিকদের প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সরকার একাধিক প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। এসব প্রামাণ্যচিত্রে শহীদ ও আহত সাংবাদিকদের অবদান, তাদের পরিবারের ত্যাগ এবং সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টদের ভূমিকাও আলাদাভাবে তুলে ধরা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD