৩১ আগস্ট প্রকাশ হবে স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা

চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ জুলাই) এ-সংক্রান্ত একটি নির্দেশনা ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করা হচ্ছে। ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৩ (জ) অনুযায়ী, যোগ্যতা অর্জনের তারিখ হিসেবে ৩১ জুলাই ২০০৮ নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, ৩১ জুলাই ২০০৮ বা তার আগে জন্মগ্রহণকারী এবং ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত ভোটার ডাটাবেজে নিবন্ধিত বা নিবন্ধিত হবেন—এমন ব্যক্তিদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, হালনাগাদ খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্মকর্তাদের কাছে পাঠানোর শেষ সময় ৪ আগস্ট। ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। এসব আবেদনের নিষ্পত্তির শেষ সময় ২৭ আগস্ট, আর সিদ্ধান্ত তালিকাভুক্ত করার শেষ তারিখ ২৮ আগস্ট। সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
বিজ্ঞাপন
ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় সাধারণ মানুষকে তা পরিদর্শন ও প্রয়োজনীয় সংশোধনের আবেদন করতে উৎসাহিত করতে হবে। এজন্য মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে ঘোষণা, স্থানীয় সাংবাদিক এবং কেবল অপারেটরদের সহযোগিতায় জনসচেতনতামূলক প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এছাড়া খসড়া তালিকায় নারী-পুরুষ ভোটারের তথ্য অদলবদল, ধর্মসংক্রান্ত ভুল বা অন্য যেকোনো ত্রুটি শনাক্ত হলে তা দ্রুত সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।








