Logo

বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, গার্ড অব অনার প্রদান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই, ২০২৬, ১৩:০৫
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, গার্ড অব অনার প্রদান
ছবি: সংগৃহীত

দেশের সাংবিধানিক দায়িত্ব পালনের অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৮ জুলাই) প্রথমবারের মতো বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রীয় ও সামরিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

বিজ্ঞাপন

বঙ্গভবনের প্রধান ফটকে পৌঁছালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির মোটর শোভাযাত্রাকে অভ্যর্থনা জানায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল। তারা তাকে আনুষ্ঠানিক এসকর্টের মাধ্যমে বঙ্গভবনের মূল ভবন পর্যন্ত নিয়ে যায়।

গাড়ি থেকে নামার পর বঙ্গভবনের সামরিক সচিব, প্রধান কার্যালয়ের সচিব, প্রেস সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান এবং আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে বঙ্গভবনের ‘ক্রিডেনশিয়াল গ্রাউন্ডে’ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তাকে প্রথাগত গ্র্যান্ড গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালনের সূচনায় এই সামরিক সম্মান প্রদর্শন করা হয়।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনের প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন। তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব-সংশ্লিষ্ট নানা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও আলোচনা করেন।

বিজ্ঞাপন

প্রথম কর্মদিবসেই তিনি গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন। একই সঙ্গে রাষ্ট্রপতির কার্যালয়ের চলমান প্রশাসনিক কার্যক্রমও পর্যালোচনা করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির পদে পরিবর্তনের পরও সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় দায়িত্ব ও সাংবিধানিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যেই বঙ্গভবনের সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে।

জানা গেছে, দিনের নির্ধারিত আনুষ্ঠানিকতা ও দাফতরিক কাজ শেষ করে দুপুর ২টার মধ্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বঙ্গভবন ত্যাগ করার কথা রয়েছে। তার এই প্রথম কর্মদিবসকে রাষ্ট্রীয় প্রশাসনের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD