Logo

স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল, ২০২৬, ১৯:৩৭
স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিতাড়িত স্বৈরাচারের ভূত বর্তমান বিরোধীদলের কাঁধে চেপে বসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিএনপি সরকার গঠনের পর বিরোধী পক্ষ যেমন এক মুহূর্তও শান্তিতে থাকতে দেয়নি, এখনকার বিরোধীদলও একই আচরণ করছে। তার ভাষায়, স্বৈরাচারী মানসিকতার প্রভাব তাদের মধ্যে আবার দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের জনগণ বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ। এ সনদে অন্য দলগুলোর অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কেউ শুরুতে সই করতে দ্বিধায় ছিল, আবার কেউ নির্বাচনের পর হঠাৎ এতে যুক্ত হয়েছে।

বিজ্ঞাপন

তারেক রহমান জানান, বিএনপি যে সব জনকল্যাণমূলক কর্মসূচি—যেমন খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া উন্নয়ন—নিয়েছে, সেগুলো বাধাগ্রস্ত করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

তিনি বলেন, দেশে কারা অরাজকতা তৈরি করতে চায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে, তার অধিকাংশ প্রস্তাবই আগে থেকেই বিএনপি দিয়ে এসেছে। ২০১৬ সালে খালেদা জিয়ার নেতৃত্বে সংস্কারের রূপরেখা এবং ২০২৩ সালে ৩১ দফা কর্মসূচি ঘোষণার কথাও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, গণতন্ত্রে মতভেদ থাকতে পারে, তবে তা সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে।

সবশেষে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশই সবার একমাত্র ঠিকানা। সম্মিলিত প্রচেষ্টায় দেশকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD