হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহায়তা কামনা করা হয়েছে।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার দপ্তরের কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল পাঠায়। এতে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়।
জেনেভায় বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, মানবাধিকার দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেলে তা দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।
বিজ্ঞাপন
বাংলাদেশ সরকার পুনরায় জানিয়েছে, হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে সরকারের পক্ষ থেকে অঙ্গীকার করা হয়েছে।
এর আগে জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে কয়েক দফা আলটিমেটাম দিয়ে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা।
বিজ্ঞাপন
পরদিন দুপুরের পর হত্যাকাণ্ডের তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে। এতে অন্তত ৯৬ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।








