আসন্ন নির্বাচনে কেন্দ্র দখল ও কারচুপির কোনো সুযোগ নেই

স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন নির্বাচনে কোথাও কেন্দ্র দখল বা ভোট কারচুপির চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। মাঠ প্রশাসন দৃশ্যমানভাবে দায়িত্ব পালন করবে এবং নির্বাচনকে প্রভাবিত করার কোনো সুযোগ থাকবে না।
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবার সহযোগিতায় এবারের নির্বাচন শান্তিপূর্ণ হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে—এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।
বিজ্ঞাপন
তিনি জানান, নির্বাচন ও গণভোট ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিশেষ করে উত্তরের সীমান্তবর্তী এলাকাগুলোতে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচন উপলক্ষে সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, সহিংসতা, অনিয়ম কিংবা বিশৃঙ্খলা কোনোভাবেই সহ্য করা হবে না। পুলিশের জন্য ২৫ হাজার ৭০০টি বডি ক্যামেরা সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও নিরাপত্তা অ্যাপ ব্যবহার করা হচ্ছে। এত কিছুর পরও কেউ যদি অনিয়মের চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এতে স্বাগত বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপারসহ রংপুর বিভাগের আট জেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








