মঙ্গলবার রাত ১২টা থেকে তিনদিন মোটরসাইকেল চলাচল বন্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে টানা তিনদিন সারাদেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি আগামী ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বিজ্ঞাপন
গত ১ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব বিধিনিষেধের বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী ভোটগ্রহণের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা।
বিজ্ঞাপন
এ ছাড়া নির্দেশনা অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারাদেশে মোটরসাইকেল চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
তবে জরুরি প্রয়োজন ও নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমের ক্ষেত্রে কিছু ছাড় রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমোদিত নির্বাচন পর্যবেক্ষকদের ওপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। একই সঙ্গে জরুরি সেবা, ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ এবং সংবাদপত্র পরিবহনকারী যানবাহন চলাচলের অনুমতি থাকবে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হবে। পাসপোর্ট ও টিকিটসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারলে বিমানবন্দর যাতায়াতে কোনো বাধা থাকবে না। পাশাপাশি দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন ও স্থানীয় পর্যায়ের প্রয়োজনীয় চলাচলেও শিথিলতা রাখা হবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।








