ঢাকা-১২ আসনে নির্বাচন ঘিরে সহিংসতার শঙ্কা নেই: গোয়েন্দা তথ্য

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১২ আসনে সহিংসতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত এই আসনে নির্বাচনকেন্দ্রিক কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রব্বানী হোসেন।
বিজ্ঞাপন
রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা-১২ আসনে যৌথ বাহিনীর নির্বাচনি নিরাপত্তা মহড়ায় অংশ নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারবেন। নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর সদস্যরা ইতোমধ্যে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছেন।
এডিসি রব্বানী হোসেন জানান, এই মহড়ার মাধ্যমে প্রার্থী ও তাঁদের সমর্থকদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা বরদাশত করা হবে না। নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
বিজ্ঞাপন
এই মহড়ায় সেনাবাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসআইএফ ও পুলিশের সদস্যরা অংশ নেন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই কার্যক্রমে নির্বাচন উপলক্ষে বাহিনীগুলোর সমন্বিত প্রস্তুতি প্রদর্শন করা হয়।
যৌথ বাহিনীর সভা থেকে ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এডিসি রব্বানী হোসেন পুনরায় বলেন, গোয়েন্দা প্রতিবেদনে ঢাকা-১২ আসনে নির্বাচন ঘিরে কোনো সহিংসতার তথ্য নেই, ফলে ভোটারদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।








