রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সরকারি দপ্তরগুলোর জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার। এ সময়সূচি সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত—সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বিজ্ঞাপন
রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রমজান মাসজুড়ে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম পরিচালিত হবে।
এছাড়া কর্মদিবসে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি রাখা হবে বলেও জানানো হয়েছে। নির্ধারিত বিরতির সময় কর্মচারীরা নামাজ আদায়সহ বিশ্রামের সুযোগ পাবেন।
বিজ্ঞাপন
তবে প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো জনস্বার্থের কথা বিবেচনা করে নিজ নিজ আইন ও বিধি অনুযায়ী আলাদা সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করতে পারবে।
এদিকে বিচার বিভাগ সংক্রান্ত সময়সূচি এই প্রজ্ঞাপনের আওতাভুক্ত নয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর অধীনস্থ সব আদালতের অফিস সময়সূচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নির্ধারণ করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
সরকারি দপ্তরগুলোর দৈনন্দিন কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখা এবং রমজানে কর্মীদের ধর্মীয় অনুশীলনে সুবিধা দিতে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








