সংরক্ষিত নারী আসনে ভোট ছাড়াই নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ৪৯ জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত এসব প্রার্থীর নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন সংরক্ষিত নারী আসন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান।
তিনি জানান, সংরক্ষিত নারী আসনের জন্য মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তবে নির্ধারিত সময়ের পরে মনোনয়ন জমা দেওয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বিষয়টি আলাদাভাবে বিবেচনায় রাখা হয়েছে। ফলে বৈধ প্রার্থীদের মধ্যে মোট ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
ইসি সূত্র জানায়, জোটভিত্তিক আসন বণ্টন অনুযায়ী নির্ধারিত সংখ্যার বেশি বৈধ প্রার্থী না থাকায় কোনো আসনেই ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। সে কারণেই প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সংশ্লিষ্ট ৪৯ জনকে নির্বাচিত ঘোষণা করে তাদের নামে গেজেট প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচিত ৪৯ জনের মধ্যে বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন প্রার্থী রয়েছেন।
বিএনপি জোট থেকে সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।
বিজ্ঞাপন
জামায়াত জোট থেকে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়েছেন— নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান এবং মাহবুবা হাকিম।
স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান বলেন, জোটগুলোর মধ্যে আসন বণ্টনের ভিত্তিতে যতটি আসন বরাদ্দ ছিল, ঠিক ততজন বৈধ প্রার্থী থাকায় নির্বাচনে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। এ কারণে তাদের সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এদিকে জামায়াত জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময় শেষ হওয়ার ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দিলেও আদালতের নির্দেশে তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। তার মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামী শনিবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসি সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২১ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে জামায়াত জোটের আরেক প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হলে বিকল্প প্রার্থী হিসেবে নুসরাত তাবাসসুমের মনোনয়ন দ্রুত জমা দেওয়া হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় তার প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়, যা পরে আদালতের নির্দেশে গ্রহণ করা হয়।








