মব করলে শুধু কেন্দ্র নয়, স্থগিত হবে পুরো আসনের ভোট: আইজিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, ভোট কেন্দ্রে কোনো ধরনের অশান্তি বা মবের চেষ্টা ধরা পড়লে শুধু সংশ্লিষ্ট ভোটকেন্দ্র নয়, পুরো আসনের ভোট গ্রহণও স্থগিত করা হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
আইজিপি বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ। কেউ ভোটগ্রহণকে বাধাগ্রস্থ করতে পারবে না। জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য বিশেষ স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় স্থিতিশীল ফোর্স, ভ্রাম্যমাণ দল এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার স্ট্রাইকিং ফোর্স। এই নিরাপত্তা ব্যবস্থায় প্রায় ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া প্রয়োজন অনুসারে সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
আইজিপি বাহারুল আলম বলেন, আগের নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন, তাদের এবার দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। আমরা আশা করি, এ নির্বাচন জনগণের কাছে একটি ভালো এবং শান্তিপূর্ণ অভিজ্ঞতা হিসেবে উপস্থাপন হবে।
নিরাপত্তার আরও বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, এ পর্যন্ত ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ব্যবহার করা হবে বডি ক্যামেরা এবং প্রয়োজন অনুযায়ী ড্রোন।
বিজ্ঞাপন
আইজিপি বলেন, তফসিল ঘোষণার পর থেকে কিছু সহিংস ঘটনা ঘটেছে। ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ৩১৭টি সহিংস ঘটনায় অন্তত ৬০৩ জন আহত হয়েছেন এবং ৫ জনের মৃত্যু ঘটেছে। তবে নির্বাচনকালীন পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি সাংবাদিকদের আরও নিশ্চিত করেন, ভোটকেন্দ্র এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত থাকায় ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে।








