Logo

রাজউকের মালিকানাধীন জমিতেই হচ্ছে লেডিস পার্ক: কর্তৃপক্ষ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৪২
রাজউকের মালিকানাধীন জমিতেই হচ্ছে লেডিস পার্ক: কর্তৃপক্ষ
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান নিকেতন এলাকায় একটি জমি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বিজ্ঞাপন

সংস্থাটি বলছে, আলোচিত জমিটি দীর্ঘদিন ধরেই রাজউকের অধিগ্রহণ ও পূর্ণ মালিকানায় রয়েছে এবং সেখানে জনস্বার্থে নারী ও শিশুদের জন্য একটি পার্ক নির্মাণের কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজউকের এস্টেট ও ভূমি-১ শাখার সহকারী পরিচালক মো. আশরাফ আলী এবং কানুনগো মো. ইকবাল হোসেনের যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত দখলদায়িত্ব’ শিরোনামে একটি পোস্ট ছড়িয়ে দেওয়া হয়। সেখানে দাবি করা হয়, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা হাসান ও রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম গুলশান নিকেতনের প্রায় ৪২ দশমিক ২৭ শতাংশ (সাড়ে ২৫ কাঠা) জমি দখলের চেষ্টা করছেন।

রাজউকের ভাষ্য অনুযায়ী, এই দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক।

রাজউক জানায়, সাবেক তেজকুনিপাড়া (বর্তমানে তেজগাঁও শিল্প এলাকা) মৌজার সিএস ৫৬৫ নম্বর দাগে মোট জমির পরিমাণ ৮৪ দশমিক ০৯ একর। এই জমির মধ্যে বিভিন্ন ভূমি অধিগ্রহণ মামলার মাধ্যমে মোট ৮০ দশমিক ৪ হাজার ৩৯৪ একর জমি রাজউকের অনুকূলে অধিগ্রহণ করে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট এলএ কেসগুলো হলো ৫৫/১৯৫৮-৫৯, ১৩/২০০৭-০৮ এবং ০২/২০০৯-১০।

বিজ্ঞাপন

এ ছাড়া একই দাগে অবশিষ্ট ৩ দশমিক ৬৫০৭ একর জমি ঢাকা ওয়াসার অনুকূলে অধিগ্রহণ করা হয়, যা পরবর্তীতে হাতিরঝিল প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধিগ্রহণের পর থেকে আজ পর্যন্ত সংশ্লিষ্ট জমি নিরঙ্কুশভাবে রাজউকের মালিকানা ও দখলে রয়েছে। সম্প্রতি ওই জমির একটি অংশে (প্রায় ২৭ কাঠা) নারী ও শিশুদের বিনোদনের জন্য ‘রাজউক নিকেতন লেডিস পার্ক’ নামে একটি পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার কাজ বর্তমানে চলমান।

বিজ্ঞাপন

রাজউক আশা প্রকাশ করে জানায়, বিভ্রান্তিকর অপপ্রচারে কান না দিয়ে প্রকৃত তথ্য জানার ক্ষেত্রে দায়িত্বশীল অবস্থান নেবেন সবাই এবং জনস্বার্থমূলক উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD