আজ থেকে টানা চারদিন সরকারি ছুটি, দুদিন বন্ধ দোকান-শপিং মল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বুধবার থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠানে টানা চার দিনের ছুটি শুরু হয়েছে। এই ছুটি চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিজ্ঞাপন
১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যুক্ত হওয়ায় মোট ছুটি চার দিনে দাঁড়িয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, নির্বাচন ও পূজার ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে টানা পাঁচ দিন। ১৫ ফেব্রুয়ারি ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষে অতিরিক্ত ছুটি থাকায় স্কুল-কলেজে ছুটি কার্যকর থাকবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিজ্ঞাপন
এর আগে, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়। গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জানায়, ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ছুটি বলবৎ থাকবে।
এদিকে, নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারা দেশের সব দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মল ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে। দোকান মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটারদের ভোটাধিকার প্রয়োগে সহায়তা করতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সংহতি রেখে এ দুদিন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।
বিজ্ঞাপন







