‘১৭ বছর পর ভোট দিতে পেরে ঈদের মতো লাগছে’

“১৭ বছর পর ভোট দিলাম। দীর্ঘ সময় পর নতুন বাংলাদেশে ভোট দিতে পেরে ঈদের মতো আনন্দ লাগছে।” ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের পর এমন অনুভূতির কথা জানান ঢাকা-৬ আসনের ভোটার অ্যাডভোকেট মাসুমা আক্তার।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। নিজেকে ওই কেন্দ্রের প্রথম ভোটার দাবি করে মাসুমা আক্তার বলেন, এই নির্বাচন তাদের ত্যাগের বহিঃপ্রকাশ। প্রথম ভোটার হিসেবে ভোট দিতে পেরে তিনি আনন্দিত বলেও জানান।
ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পাশাপাশি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন বলেও জানান তিনি। নির্বাচিত প্রতিনিধি যেন একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখেন—এ প্রত্যাশার কথাও তুলে ধরেন এই আইনজীবী।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ঢাকা-৬ আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জামায়াতে ইসলামী জোটের প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন।
বিজ্ঞাপন
এছাড়া জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীকে, গণফ্রন্টের আহম্মেদ আলী শেখ মাছ প্রতীকে, বাংলাদেশ মুসলিম লীগের মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. ইউনুস আলী আকন্দ এবং গণঅধিকার পরিষদ-জিওপির মো. ফখরুল ইসলামও প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।








