বাধার অভিযোগ, সেনা উপস্থিতিতে কেন্দ্রে প্রবেশ করল পাটওয়ারীর পোলিং এজেন্ট

রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজের ভোটকেন্দ্রে ঢুকতে প্রথমে বাধার মুখে পড়েন ঢাকা-৮ আসনের শাপলা কলি প্রতীকের পোলিং এজেন্ট গোলাম মোস্তফা। পরে ভোটগ্রহণ শুরুর প্রায় ১০ মিনিট পর সকাল ৭টা ৪০ মিনিটে সেনাবাহিনীর উপস্থিতিতে তিনি কেন্দ্রে প্রবেশ করতে সক্ষম হন।
বিজ্ঞাপন
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে কলেজের দুই নম্বর কেন্দ্রে এই ঘটনা ঘটে। গোলাম মোস্তফা শাপলা কলি প্রতীকের পোলিং এজেন্ট হিসেবে কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।
অভিযোগে বলা হয়েছে, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও শুরুতে তাকে কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়।
বিজ্ঞাপন
কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপে গোলাম মোস্তফা বলেন, ভোট শুরুর সময় সকাল সাড়ে ৭টা। আমি পোলিং এজেন্ট। কিন্তু এখনও আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ থেকেও কোনো সহায়তা পাচ্ছি না। কেন আমাকে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, তা বোঝা যাচ্ছে না।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোমিন বলেন, বিষয়টি আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি দেখছেন।
তবে তিনি এ বিষয়ে আরও মন্তব্য করতে রাজি হননি।
বিজ্ঞাপন
পরবর্তীতে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, কারণ জানা গেলে পরে বিস্তারিত বলা সম্ভব হবে। এখনো বাইরে গিয়ে খোঁজ নেওয়ার সুযোগ হয়নি।
কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনীর উপস্থিতিতে গোলাম মোস্তফাকে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। এর মাধ্যমে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয় এবং পোলিং এজেন্ট তার দায়িত্ব পালন করতে সক্ষম হন।








