বাংলাদেশের গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি

বাংলাদেশ যে গণতান্ত্রিক যাত্রায় সামিল হয়েছে, তা শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্র পরিদর্শন ও ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সিইসি জানান, নির্বাচনের আগের দিন তিনি বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেছেন। তাদের উদ্দেশে স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেছেন, কোনো পক্ষের হয়ে কাজ করা যাবে না; সবাইকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। শুধু ব্যক্তিগতভাবে নিরপেক্ষ থাকলেই হবে না, আশপাশের সবাইকেও নিরপেক্ষ রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে অবদান রাখার চেষ্টা করছেন এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনেই কমিশন কাজ করে যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি ছড়িয়ে পড়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিইসি। তার ভাষ্য, এসব কনটেন্ট পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন, বিশেষ করে সীমান্তের বাইর থেকে প্রচারিত হলে। এ কারণে মূলধারার গণমাধ্যমের ওপর আস্থা রাখার কথা জানান তিনি এবং জনগণকে যাচাই-বাছাই করে তথ্য শেয়ার করার আহ্বান জানান।
আরও পড়ুন: ভোট দিলেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ
বিজ্ঞাপন
ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক দল ও প্রতীক নিয়ে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২০২৮ জন প্রার্থী এ নির্বাচনে অংশ নিয়েছেন।








