ঢাকা-৬ : এক কেন্দ্রেই দুই ঘণ্টায় ভোটার উপস্থিতি ৯.৪২ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকাল সূচনার দুই ঘণ্টায় ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম রেকর্ড করা গেছে। টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোট ৩৪৮ ভোট পড়েছে।
বিজ্ঞাপন
প্রিজাইডিং কর্মকর্তা হিসাব অনুযায়ী, ৩৩৩৭ জন ভোটারের মধ্যে এটি শতকরা ৯.৪২ শতাংশ।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সেলিম আল মামুন জানান, এই দুই ঘণ্টায় ২০১ জন পুরুষ ও ১৪৭ জন মহিলা ভোট দিয়েছেন। ভোট প্রক্রিয়া এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে।
ভোট কেন্দ্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পরিবারও উপস্থিত ছিলেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন তার মা ইশমত আরা।
বিজ্ঞাপন
তিনি সাংবাদিকদের বলেন, আজ খুব শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছি। মানুষের মুখে আশার আলো দেখছি। আল্লাহর ওপর ভরসা রাখছি, ইনশাআল্লাহ আমার ছেলে নির্বাচনে সফল হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, যা গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দিক।
বিজ্ঞাপন
ঢাকা-৬ আসন দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪ থেকে ৪৬ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
এবারের নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতিকে লড়ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে মো. আব্দুল মান্নান।
বিজ্ঞাপন
এছাড়া লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ (ডালু), মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আহম্মেদ আলী শেখ, বাংলাদেশ মুসলিম লীগের মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. ইউনুস আলী আকন্দ এবং গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মো. ফখরুল ইসলামও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কেন্দ্রে ভোটার উপস্থিতি সকাল থেকে তুলনামূলকভাবে ধীরগতি হলেও, নির্বাচনী কর্মকর্তারা আশা করছেন ভোটারদের সংখ্যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বৃদ্ধি পাবে। নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টরা সতর্ক অবস্থান নিয়েছেন।








