বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ দিন: ইইউ পর্যবেক্ষক

বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ভোটগ্রহণ শুরুর প্রায় আধাঘণ্টা আগে থেকেই ইইউ পর্যবেক্ষক দলটি কেন্দ্রে উপস্থিত হয়ে প্রস্তুতি কার্যক্রম পর্যবেক্ষণ করে। তাদের সামনে রিটার্নিং কর্মকর্তা ব্যালট বাক্স পরীক্ষা করে সেট করেন এবং নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়।
আরও পড়ুন: ভোট দিলেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ
ইভার্স ইজাবস বলেন, সময়মতো ভোটগ্রহণ শুরু হয়েছে এবং সকালে পুরো প্রক্রিয়া তারা সরাসরি দেখেছেন। তিনি আশা প্রকাশ করেন, শুধু রাজধানী নয়, সারা দেশেই অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। দিনের বাকি সময়েও পর্যবেক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
বিজ্ঞাপন
এদিকে কেন্দ্রের প্রথম ভোটার রিতা খন্দকার জানান, দীর্ঘদিন পর ভোট দিতে পেরে তিনি উচ্ছ্বসিত। তার প্রত্যাশা—দুর্নীতিমুক্ত ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক এবং যে-ই নির্বাচিত হোক, দেশের কল্যাণে কাজ করুক। তিনি গণভোটেও অংশ নিয়েছেন বলে জানান।
সকালের শুরু থেকেই কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।








