Logo

ভোটকেন্দ্রে গোপন ক্যামেরা পরেছেন পুলিশ সদস্যরা: ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৩
ভোটকেন্দ্রে গোপন ক্যামেরা পরেছেন পুলিশ সদস্যরা: ইসি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র সংস্কারসংক্রান্ত গণভোটকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের দিন কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

বিজ্ঞাপন

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি-ওয়ার্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক কার্যক্রম ধারণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

শুধু পুলিশ সদস্যদের ক্যামেরাই নয়, কেন্দ্রগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হচ্ছে। কমিশনের ভাষ্য অনুযায়ী, নির্বাচনী পরিবেশ স্বচ্ছ ও নিয়ন্ত্রিত রাখতে বহুমাত্রিক প্রযুক্তিনির্ভর নজরদারি চালু রয়েছে।

বার্তায় আরও বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি বিশৃঙ্খলা সৃষ্টি, ভোটগ্রহণে বাধা বা বেআইনি কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করে, তবে তাদের সব তৎপরতা রেকর্ড হবে। সংগৃহীত ফুটেজের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সবার প্রতি আইন মেনে চলার আহ্বান জানিয়ে সতর্কবার্তায় বলেছে, ভোটকেন্দ্র ও এর আশপাশে অনিয়ম বা সহিংসতার কোনো প্রচেষ্টা বরদাশত করা হবে না।

নিরাপত্তা জোরদারের এ উদ্যোগের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেছে কমিশন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD