আজ আমরা নতুন বাংলাদেশ গঠনের সুযোগ পেলাম: প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি জানান, এটি তার জীবনের একটি বিশেষ ও আনন্দময় দিন।
বিজ্ঞাপন
ড. ইউনূস বলেন, আজ আমরা নতুন বাংলাদেশ গঠনের সুযোগ পেলাম। এর মাধ্যমে আমরা অতীতের দুঃস্বপ্নময় পরিস্থিতি সম্পূর্ণরূপে পেছনে ফেলে এগোচ্ছি। আজকের দিনকে আমরা জাতির নতুন জন্মদিন হিসেবে পালন করতে পারি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, আজকের দিনটি সারা দেশের মানুষের জন্য আনন্দ ও মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান ঘটছে এবং নতুন সূচনা শুরু হচ্ছে। দিনব্যাপী সবাই মিলে এই আনন্দ উদযাপন করা উচিত।
বিজ্ঞাপন
গণভোটের গুরুত্ব তুলে ধরে ড. ইউনূস ভোটারদের প্রতি আহ্বান জানান, গণভোটের মাধ্যমে সারা বাংলাদেশ পাল্টে যাবে। তাই সবাইকে অংশগ্রহণ করতে হবে, যাতে আমরা সত্যিকারের নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি সবাইকে মোবারকবাদ জানাই। এবারের গণভোটে অংশগ্রহণ করে আমরা একসাথে নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব।
বিজ্ঞাপন
তিনি ভোটদানের এই অভিজ্ঞতাকে জাতির জন্য এক উৎসবের দিন হিসেবে বর্ণনা করেছেন এবং জনগণকে সক্রিয়ভাবে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।








