Logo

জামায়াত আমিরকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৪৪
জামায়াত আমিরকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাঠানো এক বার্তায় তিনি বলেন, নির্বাচনে দলীয় প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং ফলাফল শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য তিনি কৃতজ্ঞ।

বার্তায় উল্লেখ করা হয়, নির্বাচনী প্রচারণা থেকে ফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত রাজনৈতিক শিষ্টাচার, সংযমী অবস্থান এবং কর্মীদের শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক হয়েছে।

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের সময় গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতার জন্যও জামায়াতের প্রতি ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের মতো নানা চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ। এ প্রেক্ষাপটে গণতন্ত্রকে আরও অংশগ্রহণমূলক ও প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে সরকার ও বিরোধী দল—উভয়ের দায়িত্বশীল ভূমিকা জরুরি।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বিকাশ পাবে বলে তিনি প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন

জাতীয় ঐক্য সুসংহত করতে অতীতে যে ভূমিকা রাখা হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন বিশ্বাস ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। তিনি শফিকুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD