Logo

নির্বাচন শেষে জীবিকার তাগিদে ব্যস্ত নগরীতে ফিরছে মানুষ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:২৫
নির্বাচন শেষে জীবিকার তাগিদে ব্যস্ত নগরীতে ফিরছে মানুষ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা তিনদিনের সরকারি ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্যে ফিরছে রাজধানী। ভোটাধিকার প্রয়োগ করতে ঢাকা ছেড়ে যাওয়া লাখো মানুষ জীবিকার টানে নগরীতে ফিরতে শুরু করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সরেজমিনে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, দূরপাল্লার বাসগুলো একে একে যাত্রীবোঝাই হয়ে ঢাকায় ফিরছে। ফেরিঘাটে সামান্য বিলম্ব হলেও অধিকাংশ বাস নির্ধারিত সময়ের কাছাকাছিই পৌঁছাচ্ছে।

ঝিনাইদহ থেকে আগত যাত্রী মো. মোস্তাক বলেন, “ছুটি শুরুর আগের দিন রাতে বাড়ি গিয়েছিলাম। ভোট দিলাম, পরিবারের সঙ্গে সময় কাটালাম। আজ অফিস শুরু, তাই ঢাকায় ফিরছি।”

বিজ্ঞাপন

মাগুরা থেকে আসা আরিফ জানান, ভোট দেওয়ার জন্য বাড়িতে গিয়েছিলেন। ছুটি শেষে কোনো বড় ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পেরেছেন।

বরিশাল থেকে আগত জাকির হোসেন বলেন, যাওয়ার সময় কিছুটা ভোগান্তি হয়েছিল। তবে ফেরার পথে তেমন সমস্যা হয়নি। এবারের ছুটির অভিজ্ঞতা মোটামুটি ভালো।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঢাকামুখী প্রায় প্রতিটি বাসই যাত্রীপূর্ণ হয়ে ফিরছে। তবে ঢাকা ছাড়ার তুলনায় ফেরার চাপ বেশি।

বিজ্ঞাপন

ঢাকা-কুষ্টিয়াগামী শুভ বসুন্ধরা পরিবহনের কাউন্টার ম্যানেজার অর্জুন বলেন, সকাল থেকেই প্রতিটি বাস যাত্রী নিয়ে ফিরছে এবং সারাদিন এ ধারা অব্যাহত থাকবে।

সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজার আলামিন জানান, সকাল থেকে তাদের ছয়টি বাস যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে। মহাসড়কে বড় ধরনের যানজট না থাকায় যাত্রীরা স্বস্তিতে ভ্রমণ করছেন।

বিজ্ঞাপন

ঈগল পরিবহনের কাউন্টার কর্মী ইলিয়াস বলেন, আজ ঢাকায় ফেরা যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য। তবে আগামীকাল অফিস-আদালত পুরোপুরি চালু হলে এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD