তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানালেন শেহবাজ শরীফ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিফোনে আলাপকালে এই আমন্ত্রণ জানান তিনি। ফোনালাপে পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানানো হয় এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বিজ্ঞাপন
পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকেও সফলভাবে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও আদর্শের প্রতিফলন।
আলোচনায় দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি উঠে আসে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন শাহবাজ শরিফ। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও অগ্রগতির লক্ষ্যে সার্বভৌম সমতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার আগ্রহও জানান তিনি।
বিজ্ঞাপন
উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ এ আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানও স্মরণ করা হয়। পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন এবং দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধ গড়ে তুলতে তার ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান দুই নেতা।
শাহবাজ শরিফ সুবিধাজনক সময়ে তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। জবাবে তারেক রহমানও তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ভবিষ্যতে দুই দেশের জনগণের কল্যাণে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয় নেতা একমত হন।








