Logo

নিষেধাজ্ঞা কাটিয়ে ছুটছে মোটরসাইকেল, খুলেছে শপিংমল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:০৩
নিষেধাজ্ঞা কাটিয়ে ছুটছে মোটরসাইকেল, খুলেছে শপিংমল
ছবি: জনবাণী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে নির্বাচন কমিশনের (ইসি) আরোপিত নিষেধাজ্ঞা কাটিয়ে সড়কে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। মোটরসাইকেলের ওপর সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এদিকে শহরের বিপনি বিতানগুলোও খুলেছে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে এই নিষেধাজ্ঞা অকার্যকর হয়। ফলে সারাদেশে যান চলাচলে আর কোনো বাধা নেই।

শনিবার সকালে রাজধানীর বাংলামটর, শাহবাগ, কারওয়ান বাজার মোড় এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে মোটরসাইকেল থেকে শুরু করে বাস, প্রাইভেটকার, সিএনজি, পিক-আপসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। তবে যানবাহনের সংখ্যা শহরের সাধারণ দিনগুলোর তুলনায় অনেক কম।

বিজ্ঞাপন

চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, লম্বা ছুটি পেয়ে ঘরমুখো মানুষ এখনো পুরোপুরি ঢাকায় ফেরেনি। তাই নিষেধাজ্ঞা অকার্যকর হলেও সড়কে আপাতত যানবাহনের সংখ্যা কম। রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে পূর্ণ কর্মদিবস শুরু হবে। ফলে আজ সন্ধ্যার পর থেকে রাজধানীতে গাড়ির সংখ্যা আরো বাড়তে পারে।

এদিকে রাজধানীর যমুনা ফিউচার পার্ক শপিংমল এলাকা ঘুরে দেখা যায়, সকালেই শপিংমলটি খুলা দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের উপস্থিতি বাড়তে দেখা গেছে। শপিং মলে প্রবেশের পার্কিং এলাকায়ও যানবাহনের ভিড় লক্ষ্য করা গেছে।

৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা কাটিয়ে মোটরসাইকেলে বাসাবো থেকে বাংলামটরে অফিস করতে আসা বাকি বিল্লা আকাশ জনবাণীকে বলেন, নির্বাচনের কারণে তিনদিন মোটরসাইকেল চালানো উপর বিধি নিষেধ ছিল। আমাদের জন্য এটা একটু কষ্টকর ছিল। তবে দেশে নির্বাচন হয়েছে—এটাই সবচেয়ে বড় বিষয়।

বিজ্ঞাপন

পিক-আপ চালক জাহিদ হাসান হৃদয় বলেন, নির্বাচনের কারণে আমাদের গাড়ি একদিন চলে নাই। আমরা গতকাল সকাল থেকে গাড়ি বের করছি। রাস্তায় চলাচলে কোনো অসুবিধা হয়নি। তবে রাস্তায় আজ অনেক গাড়ি কম দেখা যাচ্ছে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

বিজ্ঞাপন

সেই নিষেধাজ্ঞা বলা হয়েছিল, ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD