দক্ষিণ প্লাজায় নতুন অধ্যায় : মঙ্গলবার এমপি ও মন্ত্রিসভার শপথ

চলতি রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যতিক্রমী আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। প্রচলিত রীতি অনুযায়ী যেখানে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয় বঙ্গভবনের দরবার হলে, সেখানে এবার সেই ধারা অনুসরণ করা হচ্ছে না।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায়।
তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টার দিকে দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। একই স্থানে বিকেল ৪টায় শপথ নেবে নতুন সরকারের মন্ত্রিসভা। এর মধ্য দিয়ে সংসদ ও সরকার—উভয়েরই আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
বিজ্ঞাপন
এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন সরকারের প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সরকারি বাসভবন এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। সে কারণে আপাতত তিনি সেখানে বসবাস শুরু করতে পারছেন না।
দায়িত্বশীল সূত্র আরও জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘যমুনা’ ছাড়ার পর নতুন প্রধানমন্ত্রীকে সেখানে ওঠার বিষয়টি বিবেচনায় আসতে পারে। তবে ভবিষ্যতে প্রধানমন্ত্রীর স্থায়ী সরকারি বাসভবন কোথায় হবে, সে সিদ্ধান্ত নতুন সরকার নিজেই নেবে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
উল্লেখযোগ্য যে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তিন মেয়াদে গণভবনে বসবাস করেছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার সরকারের পতনের পর গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তর করে অন্তর্বর্তী সরকার। শিগগিরই এই জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করার প্রস্তুতি চলছে।








