Logo

নির্বাচন সময়ে ৯৯৯-এ ৮ হাজারের বেশি কল, অভিযোগ ৩৭১৩

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:২৪
নির্বাচন সময়ে ৯৯৯-এ ৮ হাজারের বেশি কল, অভিযোগ ৩৭১৩
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনসংক্রান্ত নানা অভিযোগ ও তথ্য জানতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ মোট ৮ হাজার ৩৮০টি ফোনকল এসেছে। এর মধ্যে ৩ হাজার ৭১৩টি কল ছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর সংঘর্ষ, নিষিদ্ধ সময়ে প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত।

বিজ্ঞাপন

৯৯৯ কর্তৃপক্ষ জানায়, অবশিষ্ট ৪ হাজার ৬৬৭টি কল আসে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে। ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকা বিশেষ কর্মপরিকল্পনার আওতায় প্রাপ্ত প্রতিটি অভিযোগ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। পরে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) এসব তথ্য জানান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৯৯৯ একটি বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে। এই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’-এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে নাগরিকদের জরুরি সেবা দেওয়া হয়েছে। কর্মসূচিটি ২২ জানুয়ারি শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টা চালু ছিল।

অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম আরও জানান, নির্বাচনসংক্রান্ত অভিযোগগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাপ্ত ৩ হাজার ৭১৩টি অভিযোগের প্রতিটিতেই সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশসহ রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি নির্বাচন বিষয়ে তথ্য জানতে আসা কলগুলোরও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD