Logo

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৪০ সরকারি বাসভবন ও ৫০ গাড়ি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৩৫
নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৪০ সরকারি বাসভবন ও ৫০ গাড়ি
ছবি: সংগৃহীত

দীর্ঘ রাজনৈতিক প্রতিক্ষার পর দেশের শাসনভার গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই শতাধিক আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে নতুন মন্ত্রীপরিষদের জন্য প্রায় ৪০টি সরকারি বাসভবন এবং ৫০টি বিলাসবহুল গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ প্রাথমিকভাবে বিবেচনায় রাখা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্তের ওপর চূড়ান্ত বাসস্থানের বিষয়টি নির্ভর করবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বাসভবন চূড়ান্ত না হওয়ায় এখানকার প্রস্তুতি মূলত প্রাথমিক পর্যায়ে। প্রয়োজন হলে অন্য সরকারি বাংলো বা নতুন বাসভবন তৈরি করা হবে।

বিজ্ঞাপন

ঢাকার বেইলি রোড, গুলশান, ধানমন্ডি এবং মিন্টো রোড এলাকায় নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ৪০টি সরকারি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে। এই বাসভবনগুলো পূর্ববর্তী সরকারের মন্ত্রী ও উপদেষ্টাদের ব্যবহৃত বাংলো সমন্বয় করে সাজানো হয়েছে। কিছু বাড়িতে হাইজেনিক ওয়াশ, বাথরুম ফিটিংস পরিবর্তন এবং রং করার কাজ এখনো চলছে।

সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদের জন্য প্রাথমিকভাবে ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এটি প্রটোকল অনুযায়ী অতিরিক্ত পাঁচটি গাড়ি সহ। যাতে কোনো দুর্ঘটনা বা গাড়ি নষ্ট হলে তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থা নেওয়া যায়। শপথ গ্রহণের দিন চূড়ান্তভাবে কত গাড়ি প্রয়োজন হবে, তা মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ভিত্তিতে নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন, এবং বিকেলে একই স্থানে নতুন সরকারের মন্ত্রিসভা সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই যুগ পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দলের চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে জয়ী হয়ে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে আছেন। তাঁর নেতৃত্বে চতুর্থবারের মতো দেশের শাসনভার গ্রহণের প্রস্তুতি চলছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD