Logo

‘নতুন চাঁদ’ দেখার অনুকূল সময় প্রায় ৫০ মিনিট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৪৭
‘নতুন চাঁদ’ দেখার অনুকূল সময় প্রায় ৫০ মিনিট
ছবি: সংগৃহীত

আগামী ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে চাঁদ দেখার জন্য অনুকূল সময় থাকতে পারে প্রায় ৫০ থেকে ৫১ মিনিট। জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষকদের তথ্যমতে, ওই দিন সূর্যাস্তের পর পশ্চিম আকাশে চাঁদ কিছু সময় অবস্থান করবে, যা খালি চোখে দেখার জন্য তুলনামূলকভাবে সহায়ক হতে পারে।

বিজ্ঞাপন

রবিবার (১৫ ফেব্রুয়ারি) আবহাওয়া পর্যবেক্ষণভিত্তিক বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, আগামী ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাতে নতুন চাঁদ (নিউ মুন) সৃষ্টি হবে। তবে নতুন চাঁদ সৃষ্টি হওয়ার দিন সাধারণত খালি চোখে চাঁদ দেখা যায় না। কারণ, চাঁদ দেখার জন্য তার বয়স সাধারণত কমপক্ষে ১২ থেকে ১৮ ঘণ্টা (অনুকূল পরিস্থিতিতে) হওয়া প্রয়োজন এবং সূর্যাস্তের পর কিছু সময় দিগন্তের উপরে অবস্থান করতে হয়।

বিজ্ঞাপন

এমন অবস্থায় ১৭ ফেব্রুয়ারি রাতে পৃথিবীর অধিকাংশ স্থানেই খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম। তবে উন্নত টেলিস্কোপ ও বিশেষ অপটিক্যাল সহায়তায় কিছু অঞ্চলে চাঁদ পর্যবেক্ষণের চেষ্টা হতে পারে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অত্যাধুনিক টেলিস্কোপ ব্যবহার করে চাঁদ দেখার উদ্যোগ নেওয়া হতে পারে। তারা যদি চাঁদ দেখতে সক্ষম হয়, তাহলে ১৮ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু করতে পারে। আর চাঁদ দেখা না গেলে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা থাকবে।

বিডব্লিউওটি আরও জানিয়েছে, বাংলাদেশে ১৮ ফেব্রুয়ারি সূর্যাস্ত হবে প্রায় সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং চাঁদাস্ত হবে প্রায় সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। অর্থাৎ সূর্যাস্তের পর চাঁদ প্রায় ৫০ থেকে ৫১ মিনিট আকাশে অবস্থান করবে। এ সময় চাঁদের বয়স প্রায় ২৪ ঘণ্টা অতিক্রম করবে, যা খালি চোখে চাঁদ দেখার জন্য তুলনামূলকভাবে অনুকূল বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

তবে চাঁদ দেখা নির্ভর করবে আকাশের স্বচ্ছতা, দিগন্তে মেঘের উপস্থিতি, বায়ুদূষণের মাত্রা এবং পর্যবেক্ষকের ভৌগোলিক অবস্থানের ওপর।

উল্লেখ্য, গত বছর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশে ঈদ উদযাপিত হয়েছিল। চলতি বছরও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সময়ের ব্যবধান কম থাকায় ‘ক্লোজ কল’ পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD