Logo

তারেক রহমানের সঙ্গে সংলাপে বসতে চায় সজীব ওয়াজেদ জয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১৭
তারেক রহমানের সঙ্গে সংলাপে বসতে চায় সজীব ওয়াজেদ জয়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। যদিও নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে অবস্থানরত সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকার নেয় ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভি (ITV)। বাংলাদেশ সময় শনিবার ভোরে সেই সাক্ষাৎকার সম্প্রচারিত হয়।

সাক্ষাৎকারে জয় বলেন, তিনি সবসময় সংলাপে বিশ্বাসী—তা যত কঠিনই হোক কিংবা যার সঙ্গেই হোক না কেন। তার ভাষায়, জীবনের প্রতিটি পর্বেই তিনি আলোচনার পথকেই কৌশল হিসেবে বেছে নিয়েছেন।

বিজ্ঞাপন

নির্বাচন নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, জাতিসংঘসহ কিছু দেশ ফলাফলকে স্বাগত জানালেও তার কাছে এই নির্বাচন গ্রহণযোগ্য নয়। তিনি এটিকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে দাবি করেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ও প্রগতিশীল শক্তিগুলোকে কার্যত নির্বাচনের বাইরে রাখা হয়েছে। তার মতে, পরিকল্পিতভাবে এমন একটি নির্বাচন আয়োজন করা হয়েছে, যাতে ইসলামপন্থি দল জামায়াতে ইসলামী তাদের প্রকৃত জনসমর্থনের তুলনায় সংসদে বেশি প্রভাব বিস্তার করতে পারে।

জয় আরও বলেন, দেশের দুই প্রধান রাজনৈতিক দলের একটি নিষিদ্ধ থাকা অবস্থায় কোনো নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলা যায় না। উদাহরণ টেনে তিনি বলেন, যুক্তরাজ্যে যদি কনজারভেটিভ বা লিবারেল ডেমোক্র্যাটদের একটি দল নিষিদ্ধ করা হতো, তবে পরিস্থিতি একই রকম হতো।

জামায়াতে ইসলামী নিষিদ্ধ প্রসঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকার কখনোই দলটিকে নিষিদ্ধ করেনি। গঠনতন্ত্র সংশোধন করলে তারা নির্বাচনে অংশ নিতে পারত। আদালতের রায়ের কারণেই তারা শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত আগের তিন নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ প্রসঙ্গে জয় বলেন, বিষয়টি পুরোপুরি সঠিক নয়। তার দাবি, ওই তিন নির্বাচনের মধ্যে প্রথম ও তৃতীয়বার বিরোধী দল অংশ নেয়নি।

আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি সাংবাদিকরা যদি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে মূল্যায়ন করেন, সেটি গ্রহণ করবেন কিনা—এ প্রশ্নে জয় স্পষ্টভাবে বলেন, তিনি তা মেনে নেবেন না। তার মতে, অল্পসংখ্যক বিদেশি পর্যবেক্ষক সরকারের তত্ত্বাবধানে থেকে কাজ করছেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও পর্যবেক্ষণের জন্য অনুকূল নয়।

বিজ্ঞাপন

বাংলাদেশে ফেরার বিষয়ে তিনি বলেন, একসময় তিনি অবশ্যই দেশে ফিরবেন। তার বক্তব্য, সময় বদলায়—একসময় দণ্ডিত ব্যক্তি প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারেন, তাই বর্তমান পরিস্থিতি স্থায়ী নয়।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জয় বলেন, তিনি বিশ্বাস করেন তার মা একদিন বাংলাদেশে ফিরবেন। তবে বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরা নিরাপদ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD