নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৩৭ সরকারি বাসভবন: গণপূর্ত উপদেষ্টা

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সরকারি আবাসন প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি জানান, নতুন প্রধানমন্ত্রীর বাসভবন তার নিজস্ব অভিপ্রায় অনুযায়ী নির্ধারণ করা হবে এবং এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞাপন
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন। সেখানে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য আবাসন প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
গণপূর্ত উপদেষ্টা বলেন, বর্তমানে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য মোট ৩৭টি সরকারি বাসভবন প্রস্তুত রয়েছে। রাজধানীর মিন্টু রোড, ধানমন্ডি এবং গুলশান এলাকায় এসব বাড়ি অবস্থিত। প্রয়োজন হলে আরও কয়েকটি বাসভবন প্রস্তুতের ব্যবস্থাও রাখা হয়েছে। শপথ গ্রহণের সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
ব্রিফিংয়ে আদিলুর রহমান খান আরও বলেন, গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছিল এবং গত ১৮ মাস ধরে জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছে। দীর্ঘ দেড় দশকের শাসনব্যবস্থার পর দেশকে একটি নতুন ধারায় নিয়ে যাওয়ার প্রয়াস চালানো হয়েছে এবং সরকারের প্রতিটি কাজে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।
দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকেই ব্যাখ্যা নেওয়া উচিত। জনআলোচনা ও টিআইবির প্রতিবেদনের মূল্যায়ন সব সময় একই জায়গায় গিয়ে মেলে না। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় যারা সরাসরি রাজপথে সক্রিয় ছিলেন, তাদের সঙ্গে কথা বললে পরিস্থিতির ভিন্ন চিত্র পাওয়া যেতে পারে।
বিজ্ঞাপন
তিনি আরও যোগ করেন, বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে এখনও সংস্কার সম্পন্ন না হলেও ভবিষ্যতে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে তিনি আশাবাদী।








