প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, সাক্ষাতের শুরুতে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে দায়িত্ব পালনের পুরো সময়জুড়ে, বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলাফল ঘোষণার পর থেকেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। একই দিন বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বিজ্ঞাপন
নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে দেশের নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে। সে পর্যন্ত অন্তর্বর্তী সরকার কার্যকর থাকবে। মন্ত্রিসভার শপথ সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কার্যক্রম সমাপ্ত হবে।








