Logo

প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় জোর, প্রান্তিক জনগোষ্ঠী পাবে অগ্রাধিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৫
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় জোর, প্রান্তিক জনগোষ্ঠী পাবে অগ্রাধিকার
ছবি: সংগৃহীত

দেশের স্বাস্থ্যখাতে কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে চিকিৎসাকেন্দ্রিক সেবার পাশাপাশি প্রতিরোধমূলক ও স্বাস্থ্য উন্নয়নমূলক কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন নতুন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি এ পরিকল্পনার কথা জানান।

বিজ্ঞাপন

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু বড় বড় হাসপাতাল নির্মাণ করলেই স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন নিশ্চিত হয় না। মানুষ যাতে কম অসুস্থ হয়, সে জন্য প্রতিরোধভিত্তিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। ঘোষিত স্বাস্থ্য সংস্কার কর্মসূচিতে চিকিৎসাসেবার পাশাপাশি প্রতিরোধমূলক ও স্বাস্থ্য উন্নয়নমূলক ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হবে। এতে দীর্ঘমেয়াদি রোগের প্রকোপ কমবে এবং জনগণ সুস্থ জীবনযাপনে অভ্যস্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশে অসুস্থতা ও মৃত্যুর বড় অংশের জন্য দীর্ঘস্থায়ী রোগ দায়ী। এ পরিস্থিতি মোকাবিলায় জীবনযাত্রায় পরিবর্তন, স্বাস্থ্যশিক্ষা বিস্তার এবং সচেতনতা বাড়ানো জরুরি। তবে স্বাস্থ্যখাতের উন্নয়ন কেবল স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়; সংশ্লিষ্ট আরও কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান–এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এম এ মুহিত বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেওয়া আস্থা রক্ষা করাই হবে তার প্রধান লক্ষ্য।

তাৎক্ষণিকভাবে বড় কোনো ঘোষণা দেওয়ার পরিকল্পনা নেই জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যসেবায় বৈষম্য কমানোই হবে এখনকার মূল অগ্রাধিকার। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD