প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত এ সাক্ষাতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
বিজ্ঞাপন
সাক্ষাতে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সৌজন্য বিনিময়ের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী পৃথকভাবে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর মহাপরিচালকের সঙ্গে। বৈঠকগুলোতে নিরাপত্তা পরিস্থিতি ও চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
এদিকে, টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারি বাসভবনে সংস্কারকাজ চলমান থাকায় সাময়িকভাবে সচিবালয় থেকেই দায়িত্ব পালন করছেন তিনি।
দিনের কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের কর্মপরিকল্পনা নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বিজ্ঞাপন
সামরিক ও বেসামরিক প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার এবং চলমান রাষ্ট্রীয় কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার অংশ হিসেবেই এসব বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








