অন্তর্বর্তীসহ আ.লীগ সরকারের আমলের অনিয়ম খতিয়ে দেখা হবে

শিক্ষা খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে পুরস্কার ও শাস্তির ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারসহ আওয়ামী লীগ সরকারের আমলে যেসব অনিয়ম, দুর্নীতি ও বদলি বাণিজ্য হয়েছে, তা বিস্তারিত খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বদলি বাণিজ্য ঠেকাতে অটোমেশন অ্যাপ চালু করার উদ্যোগ নেওয়া হবে। এতে যেকোনো অনিয়ম সহজে শনাক্ত করা যাবে। এখন থেকে বদলিতে আর বাণিজ্যের সুযোগ থাকবে না। কেউ অসঙ্গতি করলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী এ সময় বলেন, ২০০৯ সাল থেকে শ্রেণিকক্ষ ডিজিটাল করার জন্য কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু অনেক স্থানে প্রকৃত কাজ হয়নি। এ ধরনের অনিয়ম ও দুর্নীতিকে উপেক্ষা করা হবে না। শৃঙ্খলা বজায় রাখতে পুরস্কার ও শাস্তি উভয়ই থাকবে। আমাদের লক্ষ্য হলো সঠিকভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা।
বিজ্ঞাপন
এছাড়া মন্ত্রী জানিয়েছেন, নির্বাচনকালেও অনেক জায়গায় অনিয়মপূর্ণ বদলি হয়েছে। নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিনও অনেক বদলি করা হয়েছিল। এগুলোকে আমরা খতিয়ে দেখবো এবং কোনো অসংগতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী এসময় নকল প্রতিরোধক কর্মকাণ্ড নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, চারদলীয় জোট সরকারের সময় নকলকে জিরোতে আনা সম্ভব হয়েছিল। আওয়ামী লীগ সরকারের সময় আবার নকল ফিরে এসেছে কি না তা পর্যবেক্ষণ করা হবে। আশা করছি নকল বিরোধী অভিযানের আর প্রয়োজন হবে না।
এনটিআরসিএ-এর কার্যক্রম মনিটরিং করা হবে বলেও জানান এহসানুল হক মিলন। মন্ত্রী বলেন, এবার সেল গঠন করা হবে। যাতে কেউ অন্যায় করে পার পাওয়ার সুযোগ না পায়। নতুন স্কুল অনুমোদনও এবার তদবিরবিহীনভাবে হবে।
বিজ্ঞাপন
শিক্ষামন্ত্রী বলেন, আগে বই বিতরণে নানা সমস্যা হয়েছে, কিন্তু আমাদের পূর্বের অভিজ্ঞতা আছে। এবার শিক্ষার্থীদের জন্য সময়মতো বই বিতরণ নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, অটোমেশন অ্যাপের মাধ্যমে বদলি ও কর্মকর্তাদের কার্যকারিতা নিরীক্ষণ করা হবে। এভাবে বদলিতে কোনো বাণিজ্য আর হবে না। যেখানে সম্ভাবনা দেখা যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
শিক্ষামন্ত্রী এসময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং সচিব রেহানা পারভীন উপস্থিত ছিলেন।








