চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে মাঠপর্যায়ে কঠোর নির্দেশ আইজিপির

বাহারুল আলম বলেছেন, দেশে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
রোববার (২২ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তর থেকে আয়োজিত এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেন পুলিশ মহাপরিদর্শক। সভায় দেশের সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপাররা যুক্ত ছিলেন।
আইজিপি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। চাঁদাবাজি ও সন্ত্রাসের মতো অপরাধ দমনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয় ও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। পাশাপাশি মাদক সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণেও বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বিজ্ঞাপন
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কার্যক্রম প্রসঙ্গে তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, এমন কোনো সংগঠনের তৎপরতা কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
মহাসড়কে ডাকাতি প্রতিরোধ নিয়েও সভায় আলোচনা হয়। আইজিপি হাইওয়ে পুলিশকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, মহাসড়কে ডাকাতির ঘটনা বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে শুধু হাইওয়ে পুলিশ নয়, সংশ্লিষ্ট জেলা পুলিশকেও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সভায় পুলিশ সদরদপ্তর প্রান্তে সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।








