বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত

পারস্পরিক সম্মান, অভিন্ন স্বার্থ এবং উভয় দেশের সুবিধার ভিত্তিতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তিনি জানান, সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
তিনি উল্লেখ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারক রহমান-কে অভিনন্দন বার্তা পাঠান। একই দিনে দুই নেতার মধ্যে টেলিফোনে কথোপকথন অনুষ্ঠিত হয়, যেখানে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় আলোচনা হয়।
গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নেওয়ার সময় ভারতের সংসদের নিম্নকক্ষ ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকা সফর করেন। সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক চিঠি হস্তান্তর করেন।
বিজ্ঞাপন
হাইকমিশনার বলেন, দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে বহুমাত্রিক সহযোগিতা আরও জোরদার করার সুযোগ রয়েছে। বিশেষ করে গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নধারা এগিয়ে নিতে ভারত বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখতে আগ্রহী।
তিনি আরও বলেন, নতুন সরকারের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলে বাণিজ্য, যোগাযোগ, শিক্ষা, প্রযুক্তি এবং আঞ্চলিক সহযোগিতাসহ সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক অংশীদারত্ব শক্তিশালী করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।








