Logo

সর্বোত্তম সেবা দেওয়া ৩ হজ গাইডকে পুরস্কার দেবেন ধর্মমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০১
সর্বোত্তম সেবা দেওয়া ৩ হজ গাইডকে পুরস্কার দেবেন ধর্মমন্ত্রী
ছবি: সংগৃহীত

চলতি বছরের হজ মৌসুমে সর্বোচ্চ মানের সেবা প্রদানকারী তিনজন হজ গাইডকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী গাইডকে যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা দেওয়া হবে।

বিজ্ঞাপন

রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান—তাদের সেবা করার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। তিনি গাইডদের প্রতি আহ্বান জানান, পিতা-মাতার মতো আন্তরিকতার সঙ্গে হাজিদের খেদমত করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, হজযাত্রীদের সন্তুষ্ট করতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। বিপরীতে অবহেলা বা কষ্ট দিলে তার পরিণতিও ভয়াবহ হতে পারে। তাই হজ ব্যবস্থাপনায় নিয়োজিত সবাইকে দায়িত্বশীল ও নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে গঠিত বর্তমান সরকারের অধীনে ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা যেন সুষ্ঠু ও নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে শতভাগ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য বা উদাসীনতা পরিহার করার তাগিদ দেন তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, যুগ্মসচিব মঞ্জুরুল হক, পরিচালক (হজ) মো. লোকমান হোসেন এবং হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD